প্রথম দফায় সমঝোতায় ব্যর্থ হওয়ার পর চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও ইরান আবারও শান্তি আলোচনায় বসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ বুধবার সিএনএন ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আসলেই আপনার সেখানে (ইসলামাবাদে) থাকা উচিত। কারণ আগামী দুই দিনে কিছু একটা ঘটতে পারে এবং আমরা সেখানে যেতে বেশ আগ্রহী।”
পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে শনি ও রোববার অনুষ্ঠিত প্রথম দফার আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। উভয়েই পরস্পরকে দায়ী করেছে।
যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এতে আরও ছিলেন স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ইরান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আয়োজক ও মধ্যস্থতাকারী হিসেবে দুই পক্ষের সঙ্গে আলাদা বৈঠক করেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাব পাকিস্তানের
আলোচনা শেষে জেডি ভ্যান্স বলেন, “আমরা নমনীয়তা ও সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলাম, কিন্তু সমঝোতায় পৌঁছাতে পারিনি।” ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, “আলোচনার সাফল্য প্রতিপক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার ওপর নির্ভর করে।” তিনি যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত ও অবৈধ দাবি পরিহার করে ইরানের বৈধ অধিকার মেনে নেওয়ার আহ্বান জানান।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































