যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। বুধবার (২২ এপ্রিল, ২০২৬) সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
গালিবাফ তার পোস্টে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বর্তমানে ইরানের বন্দরগুলোকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। একে “বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করার শামিল” বলে অভিহিত করেন তিনি। পাশাপাশি ইসরায়েলের “যুদ্ধোন্মাদ আচরণ” পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেও তিনি দাবি করেন।
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান আলোচনার প্রতি আগ্রহ প্রকাশ করলেও পশ্চিমা বিশ্বের প্রতিশ্রুতি ভঙ্গ ও অবরোধকে প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, “হুমকি ও অবরোধের মুখে প্রকৃত আলোচনা সম্ভব নয়।”
অন্যদিকে, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও বুধবার তার সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জানিয়েছেন, যুদ্ধবিরতির কোনো নির্দিষ্ট সময়সীমা আর রাখা হয়নি। ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধের সাফল্যে ট্রাম্প সন্তুষ্ট। বর্তমান পরিস্থিতির নিয়ন্ত্রণ বা “কার্ড” এখন ট্রাম্পের হাতেই রয়েছে।
উত্তেজনার পারদ আরও চড়িয়ে ইরান জানিয়েছে, তারা ইতিমধ্যে দুটি কার্গো জাহাজ জব্দ করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) নৌ শাখার দাবি, জাহাজগুলো অনুমোদন ছাড়াই চলাচল করছিল এবং নিয়ম লঙ্ঘন করে গোপনে প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল।
এর আগে তিনটি জাহাজে হামলার খবর পাওয়া গিয়েছিল। সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান ‘ভ্যানগার্ড’ জানায়, একটি জাহাজ ইরানের পশ্চিমে আক্রান্ত হলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে হোয়াইট হাউস স্পষ্ট করেছে যে, জব্দকৃত জাহাজগুলো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের না হওয়ায় তারা একে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখছে না।
সম্ভাব্য শান্তি আলোচনার ভেন্যু হিসেবে পাকিস্তানের নাম প্রস্তাব করা হলেও তা এখনও আলোর মুখ দেখেনি। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের থাকার কথা থাকলেও তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। ফলে এই কূটনৈতিক অচলাবস্থা কাটবে কি না, তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































