মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ আরও বাড়ানোর বিষয়টি বিবেচনা করছেন। এমন খবরে বিশ্ববাজারে তেলের দাম বৃহস্পতিবার সকালে অস্বাভাবিক ভাবে বেড়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল ১২৫ ডলার ছাড়িয়ে গেছে। জুন মাসের ব্রেন্ট ক্রুড চুক্তি ইতিমধ্যে যুদ্ধকালীন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পরও তেলের দাম ১২ শতাংশের বেশি বেড়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ১১০ ডলারের ওপরে অবস্থান করছে।
সিএনএন জানিয়েছে, ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ দীর্ঘমেয়াদে বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। তার দল ইতিমধ্যে হরমুজ প্রণালি আরও দীর্ঘ সময় বন্ধ রাখার পরিকল্পনা নিয়ে প্রস্তুতি শুরু করেছে।
আরও পড়ুন:
হরমুজ প্রণালি খুলে দেওয়ার আবেদন জানিয়েছে ইরান: ট্রাম্প
এই দাম বৃদ্ধি এমন এক সময়ে ঘটেছে যখন যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং যুক্তরাষ্ট্র-ইরানের সরাসরি আলোচনা ভেঙে পড়েছে। ফলে হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত যদি আরও দীর্ঘায়িত হয়, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। জুন মাসের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি থাকায় লেনদেন এখন জুলাই মাসের ফিউচার চুক্তিতে স্থানান্তরিত হচ্ছে।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































