মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-newsedge24

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর উত্তাল রাজ্য রাজনীতি। অভাবনীয় পরাজয়ের মুখে দাঁড়িয়ে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, হার স্বীকার করে তিনি পদত্যাগ করবেন না।

বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেন, এই নির্বাচনে তাঁর আসল লড়াই বিজেপির সঙ্গে ছিল না, বরং তাঁকে লড়তে হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তাঁর দাবি, “নির্বাচন কমিশন নোংরা খেলা খেলেছে। তারা সরাসরি কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনে কাজ করেছে।”

তিনি আরও অভিযোগ করেন যে, মহারাষ্ট্র, হরিয়ানা ও বিহারের মতো বাংলা থেকেও নির্বাচন ‘চুরি’ করা হয়েছে। গণনায় কারচুপির অভিযোগ তুলে মমতা বলেন, “গণনা চলাকালীন সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাকে জোর করে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। একজন নারী হিসেবে আমার সঙ্গে অত্যন্ত কুরুচিকর আচরণ করা হয়েছে।” নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি আবেগপ্রবণ কণ্ঠে বলেন, “আমার পেটে ও বুকে লাথি মারা হয়েছে।”

সাধারণত নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পর বিদায়ী মুখ্যমন্ত্রীরা রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথে হাঁটছেন না। তিনি সাংবাদিকদের স্পষ্ট বলেন, “আমি হারিনি, তাই রাজভবনে যাব না। আমি পদত্যাগপত্রও জমা দেব না।” তাঁর এই অনড় অবস্থান রাজ্যে এক নজিরবিহীন সাংবিধানিক সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী ঘোষিত সর্বশেষ ফলাফল বলছে, পশ্চিমবঙ্গে বড় ব্যবধানে জয়লাভ করেছে বিজেপি। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২০৭টি আসন। অন্যদিকে, মমতার তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসনে সংকুচিত হয়ে পড়েছে। উল্লেখ্য, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার হলো ১৪৮।

আরও পড়ুন: রাজনাথ সিং আসছেন, আজ সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী কে হবেন

বিপুল জনমত নিয়ে ক্ষমতায় আসা বিজেপি ইতিমধ্যেই সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আগামী ৯ মে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানানো হয়েছে। সূত্র মারফত খবর, এবার পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী।

বিজেপি শিবিরের দাবি, মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছে এবং তৃণমূলের “অপশাসনের” সমাপ্তি ঘটিয়েছে। তবে মমতার এই আক্রমণাত্মক মেজাজ এবং পদত্যাগে অস্বীকৃতি আগামী দিনগুলোতে বাংলার রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার।

1 comment on “নির্বাচন কমিশন নোংরা খেলা খেলেছে, আমি পদত্যাগ করব না: মমতা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *