ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনার মাঝে নতুন করে পাঁচটি কঠোর শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। শর্তগুলো পূরণ না হলে শান্তি চুক্তিতে রাজি হবে না বলে জানিয়েছে ওয়াশিংটন। ইরান এসব শর্তকে ‘জবরদস্তি’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। ফলে আলোচনায় কোনো অগ্রগতি হচ্ছে না।
যুক্তরাষ্ট্রের শর্তসমূহ:
- ইরানের কাছে থাকা ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর
- ইরানে চালু পারমাণবিক কেন্দ্রের সংখ্যা একটিতে নামিয়ে আনা
- যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরানকে কোনো ক্ষতিপূরণ না দেওয়া
- ইরানের জব্দকৃত অর্থ ছাড় না দেওয়া
- শান্তি চুক্তির আলোচনায় ইরানের আর কোনো ছাড় না দেওয়া
ইরানের পাল্টা শর্ত: ইরানও পাঁচটি পূর্বশর্ত দিয়েছে। এগুলো হলো-
- সব স্তরে যুদ্ধ বন্ধ, বিশেষ করে লেবাননে ইসরায়েলি হামলা স্থগিত
- ইরানের ওপর সব নিষেধাজ্ঞা প্রত্যাহার
- জব্দকৃত অর্থ ছাড় করে দেওয়া
- যুদ্ধে ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান
- হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতি
শান্তি চুক্তিতে দু’পক্ষের শর্ত একেবারে সাংঘর্ষিক হওয়ায় আলোচনা আটকে গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, “যুক্তরাষ্ট্র কূটনীতির নামে সামরিক স্বার্থ আদায়ের চেষ্টা করছে। তারা শান্তির অভিনয় করে আসলে অস্থিরতা তৈরি করে।” ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, ইরানের প্রস্তাব না মানলে আমেরিকান করদাতাদের আরও বেশি মূল্য দিতে হবে।
আরও পড়ুন:
কংগ্রেসে মাত্র ১ ভোটে ইরান যুদ্ধের ক্ষমতা ধরে রাখলেন ট্রাম্প
বার্তা সংস্থা ফার্স, মেহের নিউজ এবং এনডিটিভির খবর অনুসারে, যুক্তরাষ্ট্র যুদ্ধে যা অর্জন করতে পারেনি, তা এখন আলোচনার টেবিলে দাবি করছে বলে ইরান মনে করছে।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































