ইরান-যুক্তরাষ্ট্র-newsedge24

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে তিন মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে একটি শান্তি চুক্তির কাঠামো (ফ্রেমওয়ার্ক) আগামী কয়েক দিনের মধ্যে স্বাক্ষর হতে পারে। তবে পাকিস্তানের দাবি অনুযায়ী রোববার স্বাক্ষরের সম্ভাবনা ইরান নাকচ করে দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই সমঝোতার দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত দেয়। যুক্তরাষ্ট্র প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, উভয় পক্ষ একটি খসড়ায় সম্মত হয়েছে এবং ওয়াশিংটন আশা করছে আগামী কয়েক দিনের মধ্যেই প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শনিবার বলেন, দুই পক্ষ শান্তি চুক্তির কাঠামোয় সম্মত হয়েছে এবং ইসলামাবাদ ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে। এরপর আগামী সপ্তাহে টেকনিক্যাল আলোচনা হবে। তিনি ইঙ্গিত দেন যে রোববারই প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, “সময় নিয়ে মন্তব্যে সতর্ক থাকা প্রয়োজন। সমঝোতা স্মারক স্বাক্ষরের নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি এবং আগামীকাল (রোববার) এটি স্বাক্ষর হচ্ছে না।” তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে এটি হতে পারে, তবে অপর পক্ষের দ্বিধার কারণে সতর্কতা অবলম্বন করতে হবে।

আরও পড়ুন: ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

উল্লেখ্য, অতীতে একাধিকবার চুক্তির কাছাকাছি পৌঁছালেও শেষ পর্যন্ত স্বাক্ষর হয়নি। শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “আমরা এখন পর্যন্ত সবচেয়ে বেশি শান্তি চুক্তির কাছাকাছি।” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পোস্টটি পুনরায় শেয়ার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *