ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের কাছে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় ৬০ জনকে উদ্ধার করা হয়েছে, তবে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত আছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর তথ্য অনুযায়ী, ডুবে যাওয়া নৌকায় ৯২ থেকে ৯৭ জন অভিবাসী ছিলেন। তারা আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিলেন। বুধবার সকালে মৃতদেহসহ নৌকাটি প্রথম দেখা যায়, এরপর উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধারকৃত অভিবাসীদের বরাতে জানা গেছে, তারা লিবিয়া থেকে যাত্রা শুরু করেছিলেন। প্রথম নৌকায় পানি ঢুকে পড়ায় তারা অন্য একটি নৌকায় স্থানান্তরিত হন, যা পরে ডুবে যায়।
ইতালির রেড ক্রস অভিবাসী কেন্দ্রের প্রধান ইমাদ দালিল জানান, উদ্ধারকৃতরা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত ছিলেন। রেড ক্রসের তথ্য অনুযায়ী, ৫৬ জন পুরুষ ও ৪ জন নারীকে তীরে আনা হয়েছে। চলতি বছরের শুরু থেকে মধ্য ভূমধ্যসাগরে ইউরোপে পাড়ি দেয়ার সময় ৬৭৫ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন বলে ইউএনএইচসিআর জানিয়েছে।
আরও পড়ুন: উত্তরাখণ্ডে ভয়াবহ আকস্মিক বন্যায় ৪ জন নিহত, নিখোঁজ ১০০
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি আফ্রিকা থেকে অভিবাসীদের সমুদ্রপথে আগমন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং মানবপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































