ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে সংখ্যা বেড়ে ৮০০-newsedge24

আফগানিস্তানের পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৬.০ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮০০ জনে দাঁড়িয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) এ তথ্য জানিয়েছে। আহত হয়েছেন ১৮০০ জনেরও বেশি, এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অনুযায়ী, ভয়াবহ ভূমিকম্পটি স্থানীয় সময় রবিবার (৩১ আগস্ট ২০২৫) রাত ১১টা ৪৭ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদ শহর থেকে ২৭ কিলোমিটার (১৭ মাইল) দূরে, ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার গভীরে। অগভীর এই ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। এরপর অন্তত তিনটি আফটারশক অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২।

ভূমিকম্পের ফলে কুনার ও নাঙ্গারহার প্রদেশে ব্যাপক ক্ষতি হয়েছে। কুনারের নুর গুল, সোকি, ওয়াতপুর, মানোগি এবং চাপাদার জেলায় একাধিক গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, কুনারে ৮০০ জন এবং নাঙ্গারহারে ১২ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: আফগানিস্তানে ৬.০ মাত্রার ভূমিকম্প: নিহত ৬২২

উদ্ধার অভিযানে সেনাবাহিনীর হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ভূমিধস ও বন্যার কারণে সড়কপথ বন্ধ থাকায় অনেক এলাকায় কেবল আকাশপথে পৌঁছানো সম্ভব। নাঙ্গারহার বিমানবন্দর থেকে আহতদের হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। স্থানীয় স্বেচ্ছাসেবীরা রক্তদানে এগিয়ে এসেছেন। তবে দুর্গম পাহাড়ি এলাকা এবং দুর্বল যোগাযোগ ব্যবস্থা উদ্ধারকাজকে জটিল করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *