ইরান-যুক্তরাষ্ট্র-flag-newsedge24

পাকিস্তানের ইসলামাবাদে চলমান যুদ্ধবিরতি ও শান্তি আলোচনায় ইরানের সঙ্গে আন্তরিকতা প্রমাণের অংশ হিসেবে কাতারসহ বিদেশি ব্যাংকে জব্দকৃত ইরানি সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১১ এপ্রিল) ইরানের একজন ঊর্ধ্বতন সূত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, জব্দ সম্পদ অবমুক্ত করার এই পদক্ষেপ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার সঙ্গে সরাসরি যুক্ত। আলোচনায় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে।

দ্বিতীয় এক ইরানি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র কাতারে জব্দকৃত ৬০০ কোটি ডলারের ইরানি সম্পদ ছাড়তে সম্মত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এই ৬০০ কোটি ডলার দক্ষিণ কোরিয়ায় ইরানের তেল বিক্রি থেকে অর্জিত। ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর অর্থটি দক্ষিণ কোরিয়ার ব্যাংকে আটকে যায়। ২০২৩ সালে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে এটি কাতারে স্থানান্তর করা হয়। কিন্তু ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আবারও এ অর্থ জব্দ করে।

সে সময় মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, এই তহবিল শুধুমাত্র মানবিক কাজে (খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম) ব্যবহার করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *