ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থি নেত্রী মারিয়া করিনা মাচাদো ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টার পর নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণা করে।
নোবেল কমিটি জানিয়েছে, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় মাচাদোর অটল সাহস ও নিষ্ঠা এবং স্বৈরশাসন থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য তাঁর দীর্ঘ সংগ্রামের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।
ঘোষণায় বলা হয়, গণতন্ত্রের জন্য তাঁর অবিচল লড়াই এবং অহিংস প্রতিরোধের মাধ্যমে মারিয়া করিনা মাচাদো কেবল ভেনেজুয়েলায় নয়, বিশ্বব্যাপী গণতন্ত্রকামী মানুষের জন্য এক প্রেরণাদায়ী ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।
গত বছর (২০২৪) শান্তিতে নোবেল পুরস্কার পায় জাপানের পারমাণবিক অস্ত্রবিরোধী সংগঠন নিহন হিদানকিয়ো, যা হিরোশিমা ও নাগাসাকির পরমাণু বোমা হামলায় বেঁচে যাওয়া মানুষদের একটি তৃণমূল আন্দোলন।
এর আগে, ২০২৩ সালে শান্তিতে নোবেল জিতেছিলেন ইরানের নার্গিস মোহাম্মাদি। ইরানে নারীদের উপর নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।
২০২২ সালে শান্তিতে নোবেল পান বেলারুশের মানবাধিকার আইনজীবী আলেস বিলিয়াতস্কি, রাশিয়ার মানবাধিকার সংগঠন মেমোরিয়াল এবং ইউক্রেনের মানবাধিকার সংগঠন সেন্টার ফর সিভিল লিবার্টিজ।
২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা এবং রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতভ। মতপ্রকাশের স্বাধীনতার জন্য তাঁদের সাহসী সংগ্রামের জন্য এই সম্মান দেওয়া হয়।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি তিনবার শান্তিতে নোবেল পেয়েছে রেড ক্রস (১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে)। এছাড়া জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর দুইবার এই পুরস্কার পায় (১৯৫৪ এবং ১৯৮১ সালে)।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































