উত্তর কোরিয়া তার সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় বলিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM) হোয়াসং-২০ উন্মোচন করেছে। দেশটির শাসক ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানী পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত সামরিক প্যারেডে এই ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানের নেতৃত্ব দেন দেশটির নেতা কিম জং উন। রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (KCNA) এবং আল জাজিরা এই খবর প্রকাশ করেছে।
প্যারেডে উত্তর কোরিয়ার সবচেয়ে অত্যাধুনিক অস্ত্রগুলো প্রদর্শিত হয়েছে, যার মধ্যে দূরপাল্লার ক্রুজ মিসাইল এবং ড্রোন পরিচালনার জন্য বিশেষ যানবাহন অন্যতম। তবে বিশেষ গুরুত্ব পেয়েছে হোয়াসং-২০ ICBM, যাকে KCNA “ডিপিআরকে-র সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা” বলে অভিহিত করেছে। এই ক্ষেপণাস্ত্রটি ১১-অক্সেল লঞ্চার ট্রাকে স্থাপিত হয়ে প্যারেডে প্রবেশ করলে দর্শকরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, এর ইঞ্জিন কার্বন ফাইবার দিয়ে তৈরি এবং পূর্ববর্তী রকেট ইঞ্জিনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। বিশেষজ্ঞরা মনে করেন, এটি একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করার জন্য ডিজাইন করা হয়েছে এবং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার ক্ষমতাসম্পন্ন।
কিম জং উন তার বক্তৃতায় বলেন, “আজ আমরা একটি মহান জাতি হিসেবে দাঁড়িয়ে আছি, যাদের সামনে কোনো বাধা নেই।” তিনি তার সামরিক বাহিনীকে শত্রুর প্রতিরক্ষা ভেদ করার জন্য এমন সক্ষমতা বিকাশের আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভ। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংও উপস্থিত ছিলেন এবং প্যারেডে কিমের পাশে দাঁড়িয়েছিলেন।
বিশেষজ্ঞরা বলছেন, হোয়াসং-২০ এখনও পরীক্ষিত হয়নি, কিন্তু এর সলিড-ফুয়েল ইঞ্জিন এটিকে দ্রুত উৎক্ষেপণযোগ্য করে তুলেছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড আঘাত করার ক্ষমতাসম্পন্ন বলে মনে করা হচ্ছে।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































