যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বাহিনীর ব্যাপক বিমান হামলায় ইরানের অন্তত ৪৮ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেন।
ট্রাম্প বলেন, “আমরা যে অভাবনীয় সাফল্য পাচ্ছি, তা কেউ বিশ্বাস করতে পারছে না। এক হামলাতেই ৪৮ জন নেতা খতম হয়ে গেছে। আমাদের অভিযান অত্যন্ত দ্রুতগতিতে এবং নির্ধারিত সময়ের আগেই এগিয়ে যাচ্ছে।”
এই দাবি এসেছে ‘অপারেশন এপিক ফিউরি’ নামের চলমান যৌথ অভিযানের দ্বিতীয় দিনে। গত শনিবার শুরু হওয়া এই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, প্রথম দফা হামলায় ইরানের ৪০ জনেরও বেশি সিনিয়র সামরিক কমান্ডার নিহত হয়েছেন, যাদের মধ্যে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফসহ শীর্ষ নিরাপত্তা নেতৃত্বের সদস্যরা রয়েছেন। ট্রাম্পের ৪৮ জনের দাবি এই সংখ্যার সঙ্গে মিলে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
ফক্স নিউজ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা আমাদের কাজ করছি—শুধু নিজেদের জন্য নয়, পুরো বিশ্বের জন্য। সবকিছু সময়ের আগেই এগোচ্ছে।” তিনি এই অভিযানকে “অত্যন্ত ইতিবাচক” আখ্যা দিয়ে জানান, ইরানের নেতৃত্বের বড় ধরনের ক্ষতি সাধন করা হয়েছে। তবে নিহতদের নাম, পদ বা পরিচয় নিয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পেন্টাগন ও ইসরায়েলি সূত্রগুলো এখনও পুরো প্রভাব মূল্যায়ন করছে।
আরও পড়ুন: আইআরজিসি’র মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণায় ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
এদিকে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের এই নির্দিষ্ট দাবির বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। খামেনির মৃত্যুর পর ইরান সরকার ৪০ দিনের শোক ঘোষণা করেছে এবং অন্তর্বর্তীকালীন নেতৃত্বের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, শাসনব্যবস্থা অক্ষুণ্ণ রয়েছে এবং নতুন সুপ্রিম লিডার নির্বাচন দ্রুত হতে পারে। তবে ইরান পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে—ইসরায়েল, মার্কিন ঘাঁটি এবং মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে ইসরায়েলে কয়েকজন নিহত হয়েছেন এবং সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশে ক্ষয়ক্ষতি হয়েছে।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































