নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের চালানো বিশেষ অভিযানকে ব্যর্থ বলে দাবি করেছে ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতামুল আম্বিয়া-র মুখপাত্র রোববার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি মুখপাত্র জানান, ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারে মার্কিন বাহিনী মরিয়া হয়ে প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু আল্লাহর অশেষ কৃপায় ইরানি বাহিনীর প্রচেষ্টায় তা ব্যর্থ হয়েছে।
এর আগে সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে দাবি করেন, “যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সাহসী অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।” ট্রাম্পের এই দাবির পরপরই ইরান সরকার ও দেশটির গণমাধ্যম অভিযানকে ব্যর্থ বলে প্রতিক্রিয়া জানায়।
ইরানের সামরিক বাহিনী আরও দাবি করেছে, বিধ্বস্ত বিমানের পাইলটকে উদ্ধারের বিশেষ অভিযানের কথা পোস্ট করে যুক্তরাষ্ট্র তাদের পরাজয় ঢাকার চেষ্টা করছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, অভিযানের সময় মার্কিন ও ইরানি সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। তবে ইরান বলছে, মার্কিন বাহিনীর প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































