ইসরায়েল ও লেবাননের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির সঙ্গে সংহতি জানিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করেছে ইরান। শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ ঘোষণা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
পোস্টে তিনি জানান, লেবানন ও ইসরায়েলের মধ্যে বর্তমানে যে ১০ দিনের যুদ্ধবিরতি চলছে, সেই অবশিষ্ট সময় পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ অবাধে চলাচল করতে পারবে।
এর আগে বৃহস্পতিবার লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনব্যাপী যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, চুক্তির আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ‘চমৎকার’ আলোচনা হয়েছে।
আরও পড়ুন: কৌশলগতভাবে দিশাহীন হয়ে পড়ছেন ট্রাম্প
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত বন্ধ বা সীমিত হয়ে পড়েছিল। লেবানন যুদ্ধের সাময়িক বিরতির প্রেক্ষাপটে ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহের জন্য স্বস্তির খবর।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































