মার্কিন নৌবাহিনী-ইরানি কার্গো জাহাজ -newsedge24

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন নৌবাহিনী উপসাগরে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ ‘তৌসকা’ আটক করেছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, প্রায় ৯০০ ফুট দীর্ঘ এই জাহাজকে থামার নির্দেশ দিলে তা অমান্য করে। পরে মার্কিন নৌবাহিনী জাহাজের ইঞ্জিনরুমে গুলি চালিয়ে তা থামিয়ে দেয় এবং জব্দ করে।

তিনি আরও দাবি করেন, জাহাজটি যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং অতীতে অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল। বর্তমানে জাহাজটি মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে এবং এর ভেতরে কী আছে তা পরীক্ষা করা হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে জাহাজটিকে আটকানোর সময় গুলি ছোড়ার দৃশ্য দেখা যায়।

ইরানের সামরিক সদর দপ্তর খাতাম আল-আনবিয়ার মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে ওমান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়েছে এবং মেরিন মোতায়েন করে জাহাজে উঠেছে। তিনি বলেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী খুব শিগগিরই এই সশস্ত্র জলদস্যুতার জবাব দেবে।”

এ ঘটনার মধ্যেই যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে পাকিস্তানে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফা আলোচনায় নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে ইরান এখনো অংশগ্রহণ নিশ্চিত করেনি এবং বলেছে, অবরোধ চলতে থাকলে তারা আলোচনায় যাবে না।

ট্রাম্প শুক্রবার বলেছেন, দুই দেশের মধ্যে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ চালু থাকবে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাধ্যমে সংঘাত শুরু হয়। পরে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও উত্তেজনা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *