মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে পরিচালিত এক ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে ১৭১ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ১৬০ জন ইমিগ্রেশন কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মোট ৭৫৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়, যার মধ্যে ২৫৪ জন ছিলেন স্থানীয় নাগরিক। এ সময় ১৪টি ব্যবসা প্রতিষ্ঠানও তল্লাশি করা হয়।
ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট পরিচালক বাসরি ওসমান জানান, আটককৃতরা ভারত, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার নাগরিক এবং তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। আটকের কারণ হিসেবে বৈধ পরিচয়পত্র না থাকা, ওভারস্টে করা এবং ভিসার শর্ত ভঙ্গের মতো অভিযোগ উল্লেখ করা হয়েছে। তবে অভিযানে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, তা দেশটির ইমিগ্রেশন বিভাগ বা গণমাধ্যম নিশ্চিত করেনি।
আরও পড়ুন: বিমানবন্দর থেকে ১২৩ জন বাংলাদেশিকে ফেরত পাথালো মালেশিয়া
বাসরি ওসমান বলেন, “কেউ কেউ নিজেদের ক্রেতা সাজিয়ে লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু আমাদের কর্মকর্তারা সকাল ১০টা থেকে এলাকায় অবস্থান করে সন্দেহভাজনদের শনাক্ত করছিলেন। ফলে তাদের ধরা সম্ভব হয়েছে।” তিনি আরও জানান, অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলবে এবং নিয়োগকর্তা ও বিদেশি কর্মীদের আইন মানার বিষয়ে কঠোর নজরদারি থাকবে।
আটককৃতদের সেলাঙ্গরের বেরানাংয়ে অবস্থিত মিলেনিয়াম অস্থায়ী ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি একই এলাকায় অনুরূপ অভিযান পরিচালিত হয়েছিল।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































