পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আগামী শনিবার ব্রিগেডে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপস্থিত থাকবেন।
অন্যদিকে, প্রায় একই সময়ে কলকাতার কালীঘাটে নিজ বাসভবনের চত্বরে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
বিধানসভা নির্বাচনের পর এটিই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বড় আনুষ্ঠানিক উপস্থিতি হতে যাচ্ছে। তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্ব দলের সর্বস্তরে বার্তা দিয়েছে যেখানে সম্ভব সেখানে রবীন্দ্রজয়ন্তী পালন করতে। তবে দল এখন অগ্রাধিকার দিচ্ছে ‘আক্রান্ত’ কর্মীদের পাশে দাঁড়ানোকে।
পর্যবেক্ষকরা মনে করছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও মমতার এই কর্মসূচি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠান থেকে তিনি দলকে ভবিষ্যৎ কর্মসূচির কোনো বার্তা দেন কি না, সেদিকে সবার নজর থাকবে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তৃণমূলের দাবি অনুসারে, কিছু অরাজনৈতিক সংগঠনকে রবীন্দ্রজয়ন্তী আয়োজনের অনুমতি না দেওয়ার অভিযোগ উঠেছে।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































