আমিনুল ইসলাম বুলবুল-bcb-newsedge24

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৬তম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আজ শুক্রবার সন্ধ্যায় বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে পরিচালক ইফতেখার রহমান সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। একই সভায় নাজমূল আবেদীন ফাহিম এবং ফাহিম সিনহাকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করার পর আজ বিকেলে আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক হিসেবে মনোনীত করে। এরপর সন্ধ্যায় অনুষ্ঠিত বোর্ড সভায় পরিচালকরা তাঁকে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করেন।

গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ফারুক আহমেদকে বিসিবির সভাপতি নির্বাচিত করা হয়েছিল। মাত্র নয় মাসের মাথায় তিনি পদ হারান। বিসিবির আটজন পরিচালক ফারুকের প্রতি অনাস্থা জানিয়ে এনএসসির কাছে চিঠি দেন, যেখানে বিপিএলের ১১তম আসরে দূর্বার রাজশাহীকে দল দেওয়ার সিদ্ধান্ত এবং অন্যান্য অভিযোগ উত্থাপিত হয়। গত পরশু যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফারুককে জানান, তিনি আর এই পদে থাকতে পারবেন না। তবে ফারুক পদত্যাগে অস্বীকৃতি জানালে এনএসসি তাঁর মনোনয়ন বাতিল করে।

আমিনুল ইসলাম জাতীয় দলের হয়ে এক যুগেরও বেশি সময় ক্রিকেট খেলেছেন। তিনি ১৩টি টেস্ট এবং ৩৯টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন এবং বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরির কৃতিত্ব তাঁর। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি দেশে কোচিং শুরু করেন এবং পরবর্তীতে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় স্থায়ী হন। গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার এবং হাইপারফরম্যান্স কার্যক্রম ও ট্রেনিং এডুকেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর আইসিসি চুক্তির মেয়াদ আগামী মাসে শেষ হবে।

আমিনুলকে সভাপতি করার প্রক্রিয়ায় এনএসসি প্রথমে তাঁকে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত করে, পূর্বের কাউন্সিলর হাবিবুর রহমানকে সরিয়ে। বিসিবির সংবিধান অনুযায়ী, পাঁচজন কাউন্সিলরের মধ্যে দুজন পরিচালক হন, এবং আমিনুলকে পরিচালক নির্বাচিত করার পর তাঁকে সভাপতি পদে মনোনীত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *