বেনিয়ামিন নেতানিয়াহু-010264-NewsEdge24

ইসরায়েলের সাধারণ নির্বাচনে ভোট গণনার আংশিক ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, প্রায় ৪২ শতাংশ ভোটকেন্দ্রের ব্যালট গণনা শেষে নেতানিয়াহুর জোট ৫৭টি আসন পেয়েছে। অন্যদিকে, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের আসনসংখ্যা দাঁড়িয়েছে ৪৭টিতে।

এ পর্যন্ত ২১ লাখের বেশি ব্যালট গণনা করা হয়েছে। আংশিক ফলাফলে আরব নেতৃত্বাধীন দলগুলো ১৬টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। সে হিসাবে আংশিক ফলাফলে কোনো জোটই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।

এর আগে প্রকাশিত বুথফেরত জরিপে নেতানিয়াহুর জোট ৫১ থেকে ৫২টি এবং আইজেনকটের জোট ৪৯ থেকে ৫১টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে ভোট গণনার আংশিক ফলে নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা বুথফেরত জরিপের পূর্বাভাস ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন: ইরান অভিযান নিয়ে নেতানিয়াহু-সেনাপ্রধানের নজিরবিহীন বিরোধ

চূড়ান্ত ফল প্রকাশের আগে ভোটের হিসাব আরও পরিবর্তিত হতে পারে। বিশেষ করে আরব দলগুলোর আসনসংখ্যা এবং বিভিন্ন রাজনৈতিক জোটের মধ্যে সম্ভাব্য সমঝোতা সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *