ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরাইলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রে হামলা চালিয়েছে। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে।
এর আগে ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ইসরাইলের মধ্যাঞ্চলের উপকূলীয় শহর হার্জলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এই হামলায় শহরের একটি ‘স্পর্শকাতর’ স্থানকে নিশানা করা হয়, যা সাধারণত সামরিক বা কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাকে বোঝায়। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
ইরানের এই হামলার দাবি এমন এক সময়ে এলো, যখন ইসরাইল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ তীব্র আকার ধারণ করেছে। ইসরাইল সম্প্রতি ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে, যাতে আইআরজিসির শীর্ষ কমান্ডারসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। এই প্রেক্ষিতে ইরানের পক্ষ থেকে হার্জলিয়ার হামলাকে তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ইসরাইলের গ্লিলোট এলাকায় মোসাদের সদর দপ্তর ও ৮২০০ ইউনিটের গুরুত্বপূর্ণ ঘাঁটি অবস্থিত বলে জানা যায়। স্থানীয় এক ইসরাইলি নাগরিকের বরাতে দাবি করা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র এই ঘাঁটিতে সফলভাবে আঘাত হেনেছে। তবে ইসরাইলি কর্তৃপক্ষ এখনও এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
এই ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতির আহ্বান জানালেও, উভয় পক্ষের আক্রমণাত্মক পদক্ষেপ বৃহত্তর সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































