বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করা হয়েছে। মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানান। গত ১০ জুলাই মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ এ বিষয়ে একটি পরিপত্র জারি করে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, গত মে মাসে উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। বৈঠকে বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনার পর মালয়েশিয়া সরকার এই সিদ্ধান্ত নেয়।
ড. আসিফ নজরুল বলেন, “মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রেখে এই সুবিধা নিশ্চিত করেছেন।”
তিনি জানান, যেসব কর্মীদের পূর্বে সিঙ্গেল এন্ট্রি ভিসা বা টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (পিএলকেএস) ইস্যু করা হয়েছে, তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে না। পিএলকেএস নবায়নের সময় মাল্টিপল ভিসা স্বয়ংক্রিয়ভাবে ইস্যু হবে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় জিএমআরবি সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংস, ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার
এছাড়া, বৈধ পিএলকেএসধারী বাংলাদেশি কর্মীরা এখন থেকে মাল্টিপল ভিসা ছাড়াই মালয়েশিয়া থেকে দেশে আসা-যাওয়া করতে পারবেন। এ বিষয়ে মালয়েশিয়ার সব আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরে পরিপত্রের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, “মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নিয়োগ করে, কিন্তু শুধু বাংলাদেশি কর্মীদেরই সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো, যার ফলে তাদের ব্যাপক ভোগান্তি পোহাতে হতো। মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর ফলে বাংলাদেশি কর্মীরা এখন স্বস্তি পাবেন।”






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































