ড. ইউনুস-newsedge4

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া এক ভাষণে মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংকট সমাধানে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ১৯৬৭ সালের পূর্বের সীমারেখা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে।

গাজার চলমান সংকটকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়ে ড. ইউনূস বলেন, “শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, হাসপাতাল ও স্কুলসহ গোটা জনপদ ধ্বংস করা হচ্ছে।” তিনি জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সঙ্গে একমত পোষণ করে বলেন, “আমাদের চোখের সামনে একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। বিশ্ব মানবজাতি এর অবসানে সর্বোচ্চ চেষ্টা না করলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদের ক্ষমা করবে না।”

ড. ইউনূস সতর্ক করে বলেন, “চরম জাতীয়তাবাদ, ভূরাজনৈতিক স্বার্থ, এবং অন্যের দুর্ভোগের প্রতি ঔদাসীন্য আমাদের দীর্ঘদিনের অগ্রগতিকে ধ্বংস করছে।” তিনি আশার বাণীর পরিবর্তে এবার ভয়ংকর সতর্কবার্তা দিতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করেন।

আরও পড়ুন: বিদেশি বিনিয়োগ আকর্ষণে শ্রম সংস্কার অপরিহার্য: প্রধান উপদেষ্টা

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের জন্য আমরা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু গত পাঁচ দশকে সেই অধিকার বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। জনগণকে তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য বারবার ত্যাগ স্বীকার করতে হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *