ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযান নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ শুক্রবার রুদ্ধদ্বার বৈঠক ডেকেছে। নিউইয়র্ক সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা, জিএমটি বেলা ২টা) এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, রাশিয়া এ বৈঠকের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের দুজন কূটনীতিকের বরাত দিয়ে এপি আরও জানায়, ইরানে বেসামরিক অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিষয়ে আলোচনাই এ সভার মূল এজেন্ডা।
বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্র। তারাই এ বৈঠকের সময়সূচি নির্ধারণ করেছে।
গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে উপসাগরীয় দেশগুলোর তেল অবকাঠামো ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করেছে। এতে হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছেছে।
রাশিয়া ও চীন এর আগেও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং যুদ্ধবিরতির আহ্বান করেছে।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































