যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ঘোষণা করেছেন, ভারত ও পাকিস্তান অবিলম্বে এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মার্কিন মধ্যস্থতায় এই চুক্তি সম্পন্ন হয়েছে। ট্রাম্প লিখেছেন, “যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাতভর আলোচনার পর আমি সন্তুষ্টির সঙ্গে জানাচ্ছি, ভারত ও পাকিস্তান অবিলম্বে এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সাধারণ জ্ঞান ও গোয়েন্দা তথ্যের ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন।”
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, “পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। পাকিস্তান সবসময় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য কাজ করে, তবে সার্বভৌমত্ব ও অখণ্ডতায় আপস করবে না।”
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই চুক্তির প্রশংসা করে বলেন, গত ৪৮ ঘণ্টায় তিনি ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও অসিম মলিকের সঙ্গে আলোচনা করেছেন। রুবিও লিখেছেন, “মোদি ও শরীফের প্রজ্ঞা ও রাষ্ট্রনৈতিক ভূমিকার জন্য আমরা তাঁদের প্রশংসা করি। দুই দেশ নিরপেক্ষ স্থানে বিস্তৃত আলোচনা শুরু করবে।”
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি জানান, শনিবার বিকেল ৩:৩৫ মিনিটে পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমও-র সঙ্গে যোগাযোগ করেন এবং বিকেল ৫টা থেকে স্থল, আকাশ ও সমুদ্রে সব ধরনের হামলা বন্ধের বিষয়ে সম্মত হন। এই যুদ্ধবিরতি ১২ মে দুপুর ১২টায় পুনরায় আলোচনার মাধ্যমে পর্যালোচনা করা হবে।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































