ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সকল বিষয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আলোচনার জন্য ভারত প্রস্তুত। গত বৃহস্পতিবার (২৬ জুন, ২০২৫) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঢাকা ও নয়াদিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক পরিচালনার জন্য প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে, যা সকল বিষয় সামাল দেওয়ার জন্য কার্যকর।
ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির আসন্ন বৈঠকে ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য প্রস্তুতি চলছে। এই বৈঠকে অংশ নেবেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেনন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আতা হাসনাইন, ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিতাভ মাত্তু। তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় মৌলবাদের উত্থান, নিরাপত্তা ঝুঁকি এবং বাংলাদেশ-চীনের কৌশলগত সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করবেন।
১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে জয়সোয়াল বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সব বিষয়ে সংলাপে প্রস্তুত।” এছাড়া, ১৯ জুন চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ত্রিপক্ষীয় বৈঠক প্রসঙ্গে তিনি জানান, ভারত প্রতিবেশী দেশের পারিপার্শ্বিক ঘটনাগুলো পর্যবেক্ষণ করছে, যা ভারতের স্বার্থ ও নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞরা সংসদীয় কমিটিকে বাংলাদেশে জনমনে ভারত সম্পর্কে সৃষ্ট ধারণা নিয়ে পরামর্শ দেবেন। বিশেষ করে, নয়াদিল্লি শেখ হাসিনার পতিত সরকারের পক্ষ নিয়েছিল বলে জনগণের ধারণা নিয়ে আলোচনা হবে। এছাড়া, বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয়ের পরামর্শও দেওয়া হতে পারে।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































