কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলায় দুজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এই হামলা চালানো হয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে। ফিলিস্তিনি সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, নিহতদের মধ্যে হামাসের গাজা শাখার নেতা খালিল আল-হায়ার ছেলে হিমাম আল-হায়া এবং তার দপ্তরের পরিচালক জিহাদ লাবাদ রয়েছেন। হামাসের কোনো শীর্ষ নেতা এতে নিহত হননি।
হামাসের সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে বৈঠকের সময় এই বিমান হামলা হয়। শীর্ষ নেতারা বেঁচে গেলেও ইসরায়েলি সূত্র নিশ্চিত করেছে যে, হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যার মধ্যে খালিল আল-হায়া ছিলেন। তিনি হামাসের গাজা প্রধান এবং প্রধান আলোচকের দায়িত্ব পালন করছেন।
হামলার পর দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং লেগতিফিয়া পেট্রোল স্টেশন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এই স্টেশনের পাশে একটি ছোট আবাসিক কম্পাউন্ড রয়েছে, যেখানে যুদ্ধ শুরুর পর থেকে কাতারের আমিরি গার্ড ২৪ ঘণ্টা পাহারা দিচ্ছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও পুলিশ পৌঁছেছে।
আরও পড়ুন: নেপালে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী ওলি’র পদত্যাগ
হামাসের অনেক নেতা দোহায় বাস করেন এবং সেখান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করেন। এই হামলা ইসরায়েল-হামাস যুদ্ধের একটি নতুন মাত্রা যোগ করেছে।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































