যুক্তরাষ্ট্র-ডোনাল্ড ট্রাম্প-newsedge24

বৃহস্পতিবার ওভাল হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতের সঙ্গে আর কোনো বাণিজ্য আলোচনা করবেন না তিনি। ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর এই হুমকি এলো তাঁর পক্ষ থেকে। গত কয়েক মাস ধরে ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষি চলছিল। কিন্তু ভারতের মোদি সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, কৃষি ও ডেয়ারি খাতে আমেরিকার জন্য বাজার খুলে দেওয়া হবে না। এতে ক্ষুব্ধ ট্রাম্প প্রথমে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন, এবং গত বুধবার আরও ২৫ শতাংশ শুল্কের ঘোষণা দেন। ফলে ভারতীয় পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক বসবে।

মার্কিন আধিকারিকদের মতে, প্রথম ২৫ শতাংশ শুল্ক ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। পরবর্তী ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে তার ২১ দিন পর। তবে, ইতিমধ্যে ভারত থেকে আমেরিকায় পাঠানো পণ্যের ওপর এই শুল্ক প্রযোজ্য হবে না। বৃহস্পতিবার ওভাল অফিসে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, ৫০ শতাংশ শুল্কের পর কি ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা বাড়বে? তিনি বলেন, “না, যতদিন এই সমস্যা মিটছে না, ততদিন আলোচনা হবে না।” তবে তিনি এই ‘সমস্যা’ বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়।

আরও পড়ুন: ট্রাম্পের নতুন শুল্ক নীতি কার্যকর: বাংলাদেশের পণ্যে ৩৬.৫% শুল্ক

বিশ্লেষকদের ধারণা, ভারত যাতে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে, সেটাই চাইছেন ট্রাম্প। এ কারণেই তিনি শুল্ক বাড়ানোর পাশাপাশি বাণিজ্য আলোচনা বন্ধের হুমকি দিয়েছেন। ভারত এই শুল্ক আরোপের তীব্র নিন্দা জানিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, “এই সিদ্ধান্ত অন্যায্য, অযৌক্তিক এবং অবিবেচক। ভারত বারবার জানিয়েছে, বাজারের পরিস্থিতি এবং ১৪০ কোটি ভারতবাসীর জ্বালানির নিরাপত্তার কথা মাথায় রেখে রাশিয়া থেকে তেল আমদানি করা হচ্ছে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছেন, “কৃষকদের স্বার্থ আমাদের কাছে সর্বাগ্রে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *