নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার উদ্যোগে পূর্ণ সমর্থন ও সংহতির অঙ্গীকার ব্যক্ত করেছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে এই বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। বৈঠকে রাজনৈতিক সংস্কার, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, গণঅভ্যুত্থানে সংঘটিত নৃশংসতার দায় নিরূপণ, সংরক্ষণবাদী শুল্ক নীতির কারণে বৈশ্বিক বাণিজ্য উদ্বেগ এবং ৩০ সেপ্টেম্বরের আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন নিয়ে আলোচনা হয়।
অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের সংস্কার পদক্ষেপ এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের প্রতিশ্রুতি সম্পর্কে মহাসচিবকে অবহিত করেন। তিনি বলেন, “আগামী কয়েক মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন আয়োজনে জাতিসংঘের সহযোগিতা প্রয়োজন।” তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত শাসকগোষ্ঠী ও তাদের দোসররা চুরি করা অর্থ ব্যবহার করে ভুয়া তথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, “তারা ফেব্রুয়ারির নির্বাচন চায় না এবং কিছু আন্তর্জাতিক মহল তাদের পৃষ্ঠপোষকতা করছে।”
জবাবে মহাসচিব গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে জাতিসংঘের ধারাবাহিক ভূমিকার প্রতিশ্রুতি দেন। গুতেরেস গত ১৪ মাস ধরে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে বলেন, “বাংলাদেশের এই কঠিন উত্তরণ প্রক্রিয়ায় অধ্যাপক ইউনূসের নেতৃত্বকে আমি সম্মান ও শ্রদ্ধার সঙ্গে দেখছি।”
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা প্রদানে প্রস্তুত যুক্তরাজ্য
প্রধান উপদেষ্টা ৩০ সেপ্টেম্বরের আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন আহ্বানের জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই সম্মেলন রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক আলোচনায় অগ্রাধিকারে আনতে এবং আশ্রয় শিবিরে মানবিক সহায়তার জন্য জরুরি তহবিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” মহাসচিব রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































