গাজার উদ্দেশে ত্রাণ নিয়ে যাওয়া আন্তর্জাতিক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পথে ইসরায়েলি নৌবাহিনীর আগ্রাসী বাধার মুখে পড়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রায় ৪৫টি জাহাজের এই বহর গত মাসে স্পেন থেকে যাত্রা শুরু করে গাজায় অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছানোর লক্ষ্যে অগ্রসর হচ্ছিল। এতে বাংলাদেশের অধিকারকর্মী শহিদুল আলম, সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গসহ বিভিন্ন দেশের রাজনীতিক ও অধিকারকর্মীরা রয়েছেন।
ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক জানান, ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত প্রায় ২০০ যাত্রীসহ ১৩টি জাহাজ আটক করেছে, যার মধ্যে স্পেন ও ইতালির নাগরিকরা রয়েছেন। তবে ফ্লোটিলার এক্স পোস্টে বলা হয়, “ইসরায়েলি নৌবাহিনীর অবিরাম আগ্রাসন সত্ত্বেও ৩০টি জাহাজ গাজার দিকে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে। আমরা এখন মাত্র ৪৬ নটিক্যাল মাইল দূরে।” আবুকেশেক ইনস্টাগ্রামে এক ভিডিওতে বলেন, “আমাদের মিশন অব্যাহত। সমুদ্রে থাকা সদস্যরা দৃঢ়প্রতিজ্ঞ এবং অবরোধ ভাঙতে সর্বশক্তি নিয়োগ করছেন।”
এই বাধার ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তুরস্ক ও দক্ষিণ আফ্রিকা এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে নিন্দা করেছে। গাজায় চলমান সংঘাতে এখন পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, এবং ত্রাণের অভাবে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। ফ্লোটিলার লক্ষ্য এই মানবিক সংকট মোকাবিলায় ওষুধ, খাদ্য ও শিশুদুধের মতো জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া।
আরও পড়ুন: গাজা ফ্লোটিলায় ইসরাইলি হামলা: বিশ্বজুড়ে নিন্দার ঝড়
ইসরায়েল দাবি করছে, ফ্লোটিলাটি হামাসের সঙ্গে যুক্ত, এবং আটককৃতদের ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। তবে ফ্লোটিলার সদস্যরা বলছেন, এটি মানবিক মিশন এবং তাদের লক্ষ্য গাজার জনগণের পাশে দাঁড়ানো।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































