ইসরাইলি সেনাবাহিনী (IDF) জানিয়েছে, ইরান থেকে ইসরাইলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের দিকে আসতে শনাক্ত করার পর দেশের বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে ওঠে।
ইসরাইল ডিফেন্স ফোর্সেস এক বিবৃতিতে বলেছে: “জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে।” তারা আরও জানিয়েছে, বিমানবাহিনী হুমকি প্রতিহত করতে এবং প্রয়োজন হলে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত করে নিষ্ক্রিয় করতে কাজ করছে।
ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে: “প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অভেদ্য নয়। তাই জনগণের জন্য অত্যন্ত জরুরি যে তারা হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলতে থাকবেন। সবাইকে অনুরোধ করা হচ্ছে নির্দেশনা অনুসরণ করতে।”
আরও পড়ুন: ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, তেহরানে বিস্ফোরণ
এই ক্ষেপণাস্ত্র হামলা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে ইরানে চালানো বিমান ও ক্ষেপণাস্ত্র আক্রমণের প্রত্যুত্তর হিসেবে এসেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস নিশ্চিত করেছে যে, তারা প্রথম বড় ধরনের মিসাইল ও ড্রোন হামলা শুরু করেছে।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































