ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের অন্তত ছয়টি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনায় একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা এই হামলার তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ, রয়টার্স, আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ফার্স নিউজ জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে (মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি) একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ ছাড়া কুয়েতের আল-সালেম বিমানঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটিতেও আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র।
আল-জাজিরা জানিয়েছে, আমিরাতের আবু ধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। একই সময়ে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তরে এবং সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইরানের পক্ষ থেকে এই হামলাকে “চূড়ান্ত প্রতিশোধ” হিসেবে বর্ণনা করা হয়েছে। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, হামলা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে এবং বেসামরিক এলাকা এড়ানোর চেষ্টা করা হয়েছে।
এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও এই হামলার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে ইসরায়েলের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা (আয়রন ডোম, অ্যারো) সক্রিয় রয়েছে এবং দেশটিতে জরুরি অবস্থা অব্যাহত আছে।
আরও পড়ুন:
ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, তেহরানে বিস্ফোরণ
মধ্যপ্রাচ্যজুড়ে এই একযোগে বিস্ফোরণের ঘটনায় পুরো অঞ্চলে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই প্রত্যুত্তর সংঘাতকে আরও বড় আকারে নিয়ে যেতে পারে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































