ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশটি যুদ্ধবিরতি নয়, বরং চলমান যুদ্ধের পূর্ণাঙ্গ সমাপ্তি চায়। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো সমাধানে ভবিষ্যতে হামলা বন্ধের নিশ্চয়তা এবং ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ থাকতে হবে।
মঙ্গলবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি এ কথা বলেন। তিনি বলেন, “ইরান যুদ্ধবিরতি চায় না, বরং পুরো অঞ্চলে চলমান যুদ্ধের সম্পূর্ণ অবসান চায়। সংকটের যেকোনো সমাধানে ভবিষ্যতে হামলা না হওয়ার নিশ্চয়তা এবং ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ থাকতে হবে।”
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে যোগাযোগ হচ্ছে, তা কোনো আনুষ্ঠানিক আলোচনার অংশ নয়, বরং সরাসরি বা আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদানের মধ্যে সীমাবদ্ধ।
আরাগচি বলেন, “অতীতের মতো এখনও আমি মার্কিন দূত স্টিভ উইটকফের কাছ থেকে বার্তা পাচ্ছি। এসব বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পৌঁছানো হয় এবং নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যেও কিছু যোগাযোগ রয়েছে। তবে ইরানের ভেতরে কোনো নির্দিষ্ট পক্ষের সঙ্গে কোনো আলোচনা চলছে না।”
তিনি জানান, এই বার্তা আদান-প্রদান সরকারি কাঠামোর মধ্যেই হচ্ছে এবং তা ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবে ইরান সাড়া দিয়েছে বলে যে প্রতিবেদন সামনে এসেছে, সে বিষয়ে আরাগচি বলেন, “কোনো জবাব পাঠানো হয়নি এবং তেহরান এখন পর্যন্ত কোনো প্রস্তাব বা শর্তও দেয়নি। আলোচনার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এবং ইরানের জনগণকে হুমকি দিয়ে কিছু অর্জন করা যাবে না।” তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ইরানের সঙ্গে সম্মানজনকভাবে কথা বলার আহ্বান জানান।
আরও পড়ুন: হরমুজ প্রণালীতে মানবিক সহায়তা চলাচলের অনুমতি দিল ইরান
সমুদ্র নিরাপত্তা প্রসঙ্গে আরাগচি বলেন, “হরমুজ প্রণালি পুরোপুরি খোলা রয়েছে। তবে যারা ইরানের বিরুদ্ধে শত্রুতায় জড়িত, তাদের জন্য এই পথ সীমিত করা হতে পারে।” একই সঙ্গে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জাহাজ চলাচল নিরাপদ রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































