ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অর্ধেকের বেশি ফলাফল প্রকাশের পর বিজেপি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। ফলে টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর এবার পরাজয়ের মুখে পড়তে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। এখন পর্যন্ত ২৯৪ আসনের মধ্যে বিজেপি ১৭৮ আসনে এবং তৃণমূল কংগ্রেস ১১৩ আসনে এগিয়ে রয়েছে।
নিজেদের শক্ত ঘাঁটি ধরে রাখতে লড়াই চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শক্তিশালী অবস্থানে রয়েছে। বিজেপির অন্যতম মুখ বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, যিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহচর ছিলেন।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কয়েকটি কেন্দ্রে, বিশেষ করে ফলতা আসনে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে কংগ্রেস ও বামফ্রন্টও। এছাড়া তৃণমূল থেকে বরখাস্ত হওয়া বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দলও নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































