ভারতসহ কয়েকটি দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে নতুন বিলে রাশিয়ার ওপর ৫০০ শতাংশ শুল্কের কথাও বলা হয়েছে। এর আগে ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া এবং ইরান অ্যাক্ট অব ২০২৬’ শীর্ষক বিল মার্কিন কংগ্রেসে পাস হয়। ট্রাম্পের সইয়ের ফলে এটি আইনে পরিণত হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, ট্রাম্প রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা-সংক্রান্ত বিলে স্বাক্ষর করেছেন। এর ফলে রাশিয়ার তেল ও গ্যাস কিনছে এমন দেশগুলোর ওপরও সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পথ উন্মুক্ত হলো। যা ভারত ও চীনকে সম্ভাব্য চাপের মুখে ফেলেছে।
আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ওপর চড়া শুল্ক এবং একাধিক বিধিনিষেধ আরোপের পাশাপাশি এই আইনে রাশিয়ার সহযোগী দেশগুলোকেও নিশানা করা হয়েছে। যেসব দেশ রাশিয়ার কাছ থেকে তেল কেনে, তাদের ওপর চাইলে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন ট্রাম্প। বিলটি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ২৬২-১৫৯ ভোটে পাস হয়েছে।
আরও পড়ুন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার
রাশিয়া থেকে আমেরিকায় আমদানিকৃত যেকোনো পণ্যের ওপর ৫০০ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে। তা ছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের ওপরেও বিধিনিষেধ আরোপের কথা বলা হয়েছে ওই আইনে।
যুক্তরাষ্ট্রের এই নতুন আইনের কারণে ভারত ছাড়াও সমস্যায় পড়তে পারে চীন, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, সিঙ্গাপুর, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, হাঙ্গেরি, স্লোভাকিয়ার মতো দেশ। এই দেশগুলোর সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক লেনদেন, বিশেষত তেল কেনাবেচা চলে। সংশ্লিষ্ট বিলে একটি সংশোধনী প্রস্তাব করেছিলেন মার্কিন কংগ্রেসের এক ডেমোক্র্যাট সদস্য। তিনি নির্দিষ্ট করে এই দেশগুলোর নাম শুল্ক আরোপ বা বিধিনিষেধের তালিকায় রাখার প্রস্তাব দিয়েছিলেন। তবে বাস্তবে তা হয়নি।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































