ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রী-newsedge4

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে এবং তাদের নিউইয়র্কে নেওয়া হচ্ছে। শনিবার স্থানীয় সময় ভোরে ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, মাদুরো দম্পতিকে হেলিকপ্টারে করে মার্কিন জাহাজ ইউএসএস আইয়ো জিমায় নেওয়া হয়েছে। তিনি বলেন, “সুন্দর একটি ফ্লাইটে গেছেন—আমি নিশ্চিত তারা এটি উপভোগ করেছেন। তবে তারা অনেক মানুষ হত্যা করেছেন, এটা মনে রাখতে হবে।”

শনিবার ভোরে কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। যুক্তরাষ্ট্রের চালানো এই হামলাকে ভেনেজুয়েলার সরকার “গুরুতর সামরিক আগ্রাসন” বলে নিন্দা জানিয়েছে এবং জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন। উপ-রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ মাদুরোর “প্রুফ অব লাইফ” দাবি করেছেন।

হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করেনি ভেনেজুয়েলা সরকার। মার্কিন বাহিনীর অভিযানে মাদুরো দম্পতিকে ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার, নার্কো-টেররিজম ও নির্বাচনে কারচুপির অভিযোগ এনে দীর্ঘদিন চাপ বাড়িয়ে আসছিল। ১৯৮৯ সালে পানামায় ম্যানুয়েল নরিয়েগাকে ক্ষমতাচ্যুত করার পর লাতিন আমেরিকায় এটি যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রথম ঘটনা।

আরও পড়ুন: ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান: মাদুরো ও তার স্ত্রী আটকের দাবি

ভেনেজুয়েলার মিত্র রাশিয়া, কিউবা ও ইরান এই অভিযানের নিন্দা জানিয়েছে। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে কলম্বিয়া, মেক্সিকো ও ব্রাজিল উদ্বেগ প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *