ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আভিভে ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত-newsedge24

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আভিভে অন্তত ৪০টি আবাসিক ও বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর ২০০-এর বেশি বাসিন্দাকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ শহর কর্তৃপক্ষের (তেল আভিভ মিউনিসিপ্যালিটি) বরাত দিয়ে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের শহরের তিনটি হোটেলে অস্থায়ীভাবে রাখা হয়েছে। শহর কর্তৃপক্ষ জানায়, হামলার ফলে আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তা যাচাই ও প্রয়োজনীয় সংস্কার না হওয়া পর্যন্ত বাসিন্দাদের হোটেলেই রাখা হবে।

এদিকে জরুরি সেবা সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি ও সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শহরের বিভিন্ন অংশে উদ্ধারকর্মী, ফায়ার সার্ভিস ও চিকিৎসক দল মোতায়েন করা হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এই হামলা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে বলে আইআরজিসি’র পক্ষ থেকে দাবি করা হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এটি ছিল “প্রতিশোধের শুরু” এবং আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: তেহরানে নিজ কার্যালয়ে হামলায় শহীদ হন আয়াতুল্লাহ খামেনি

ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, আয়রন ডোমসহ আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আটকানো গেছে। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র শহরের আবাসিক এলাকায় আঘাত হেনেছে।

পুরো ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক সম্প্রদায় অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *