ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে বলেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরান এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এই অভিযোগের প্রেক্ষিতে ইরানের রাজধানী তেহরানে তীব্র আক্রমণের নির্দেশ দিয়েছেন। আইআরআইবি সম্প্রচার মাধ্যম এবং আইএসএনএ বার্তা সংস্থার বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
ইসরাইলি মিডিয়া রিপোর্টে বলা হয়, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরাইলের সেনাবাহিনী আকাশে নিষ্ক্রিয় করেছে। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। ইসরাইলের উগ্র ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, “তেহরান কেঁপে উঠবে।”
ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইরান কোনো ক্ষেপণাস্ত্র ছোড়েনি। ইসরাইলের এই অভিযোগের জবাবে ইরানের পক্ষে থেকে বলা হয়েছে, ইসরাইল নিজেই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে ইরানে বোমা হামলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “ইসরাইল, ওই বোমাগুলো ফেলো না। তুমি যদি এটা করো, তা হবে যুদ্ধবিরতির বড় ধরনের লঙ্ঘন। পাইলটদের এখনই ফেরাও!” এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































