ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলায় বৃহস্পতিবার ভোর থেকে কমপক্ষে ৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অনলাইন আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ইসরাইল গাজার উত্তরাঞ্চলে হামলা আরও তীব্র করেছে, যার মধ্যে শুধু গাজা শহরেই ৬১ জন প্রাণ হারিয়েছেন।
বুধবার গাজা শহরের উত্তরাঞ্চলে ত্রাণ বিতরণের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টাকালে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১২ জন ফিলিস্তিনি নিহত হন। এছাড়া, খাদ্যের সন্ধানে মরিয়া হয়ে ঘুরে বেড়ানো ৩৭ জনকে ইসরাইলি বাহিনী গুলি করে হত্যা করেছে। দক্ষিণ গাজার নাসের হাসপাতালের তথ্য অনুযায়ী, রাফাহর উত্তরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ১৬ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন: নেতানিয়াহুর বিচার বন্ধে ট্রাম্পের নজিরবিহীন হস্তক্ষেপ
এদিকে, গত ২৪ ঘণ্টায় ইসরাইল আরোপিত অনাহার ও অপুষ্টির কারণে তিন শিশুসহ কমপক্ষে ৮ জন মারা গেছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে যুদ্ধ শুরুর পর থেকে অনাহার-সংক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩৫-এ পৌঁছেছে, যার মধ্যে ১০৬ জন শিশু।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































