ইসরাইলের বিরুদ্ধে সর্বশেষ ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, রোববার (২২ জুন, ২০২৫) ইসরাইলকে লক্ষ্য করে ২০তম হামলায় প্রথমবারের মতো মাল্টিওয়ারহেড ‘খেইবারশেকান’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ‘খেইবারশেকান’ অর্থ দুর্গ ধ্বংসকারী। এই হামলায় ৪০টি কঠিন ও তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে, তেল আবিবের বহুতল ভবনগুলো ধূলিসাৎ হয়ে গেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে খেইবারশেকান ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। এছাড়া, ইসরাইলের বায়োলজিকাল গবেষণাকেন্দ্রও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। খেইবারশেকান ক্ষেপণাস্ত্রের বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি উৎক্ষেপণের পর পথ পরিবর্তন করতে পারে, যা শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সহায়ক।
আইআরজিসি জানিয়েছে, খেইবারশেকান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৃতীয় প্রজন্মের ক্ষেপণাস্ত্র, যা ইসরাইলের আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করতে সক্ষম। এই হামলা ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’র অংশ, যা গত ১৩ জুন ইসরাইলের ইরানে হামলার প্রতিশোধ হিসেবে শুরু হয়েছিল।
রোববার সকালে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এই সংঘাত আরও দীর্ঘায়িত হতে পারে এবং আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে।
ইরানের এই হামলার প্রেক্ষিতে ইসরাইল জরুরি অবস্থা জারি করেছে এবং বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে হামলায় হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনও প্রকাশ করেনি ইসরাইলি কর্তৃপক্ষ।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































