নবীন পুলিশ ও আনসার কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে কর্মজীবনে সেই সংশ্লিষ্টতা কোনোভাবেই প্রতিফলিত হওয়া উচিত নয়।
রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নতুন যোগদানকারী কর্মকর্তাদের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপিরিয়র সার্ভিসে আপনাদের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা করা। এর মাধ্যমে দেশের সব ধরনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রশাসন, উন্নয়ন, সমাজের সামগ্রিক নিরাপত্তা এবং জনগণের স্বস্তি অনেকাংশে আপনাদের কাজের ওপর নির্ভর করে।
তিনি কঠোর নির্দেশনা দিয়ে বলেন, চাকরি জীবনে সর্বদা শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলতে হবে। জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনসম্মত নির্দেশ পালন করতে হবে।
আরও পড়ুন: গণভোটে মানুষ রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমীর
আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা দেখানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পুলিশ ও আনসার বাহিনী অন্যান্য ক্যাডার সার্ভিসের চেয়ে সম্পূর্ণ আলাদা। তারা অত্যন্ত সংঘাতময় ও চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করে। এখানে মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। বুদ্ধিমত্তা, পেশাদারিত্ব ও উপস্থিত বুদ্ধি অত্যন্ত জরুরি।
একই সঙ্গে তিনি বলেন, পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে। কোনো অবস্থাতেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































