ঢাকা-আইডিয়াল-কলেজ-সংঘর্ষ-newsedge24

মাত্র এক মাস আগে মারামারি বন্ধ ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে ‘শান্তিচুক্তি’ করলেও আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সাইন্সল্যাব মোড়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুর করে। এরপর দুই কলেজের ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়েছে, যা এখনো চলছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সকাল আনুমানিক ৯টার দিকে ঢাকা কলেজের ৮-১০ জন শিক্ষার্থী লাঠি হাতে আইডিয়াল কলেজের কয়েকজনকে আক্রমণ করলে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে আইডিয়াল কলেজের ১০-১২ জন শিক্ষার্থী সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের ‘বিজয়-৭১’ ও ‘শঙ্খনীল’ নামের দুটি বাসে হামলা চালায়। এতে ঢাকা কলেজের তিন-চারজন শিক্ষার্থী আহত হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন: জুলাই গণহত্যা মামলায় হাসিনার মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে

গত ৭ ডিসেম্বরের শাহবাগে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের অর্ধশতাধিক শিক্ষার্থী আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে গুরুতর আহত করে। পরবর্তীতে তার অবস্থা অবনতি হলে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এর প্রতিশোধমূলক হামলা হিসেবে আজকের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সাইন্সল্যাব ও আশপাশের এলাকায় উত্তেজনা অব্যাহত। পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। নিউমার্কেট থানা ও রমনা বিভাগের পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *