ঢাকা, ২২ এপ্রিল ২০২৫: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে এবার সেনাবাহিনী কাজ করবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। মঙ্গলবার নগর ভবনে আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতি ও করণীয় নিয়ে বিভিন্ন হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ডিএনসিসি প্রশাসক জানান, আগামী সপ্তাহ থেকে ঘরবাড়ি পরিষ্কার রাখতে নাগরিকদের সচেতন করতে ক্যাম্পেইন শুরু হবে। এর পরের সপ্তাহ থেকে বাড়িঘর পরিষ্কার না রাখলে মালিকদের জরিমানা করা হবে। তিনি বলেন, “৯০ শতাংশ বাড়ির পাশে ময়লা পাওয়া যায়। বাড়ি মালিকরা ঠিকমতো পরিষ্কার করেন না। লার্ভা নিধনের ওষুধ ছিটানোর জন্য আমাদের লোকজনকে অনেক সময় বাড়িতে ঢুকতে দেওয়া হয় না।”
মশা নিয়ন্ত্রণে ডিএনসিসি এতদিন ঠিকাদারের মাধ্যমে ওষুধ ছিটানোর কাজ করালেও এখন থেকে সেনাবাহিনী এই দায়িত্ব পালন করবে। এজাজ বলেন, “আমরা বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির মাধ্যমে এই কাজ করাব। পাবলিক হেলথ নিয়ে কোনো ঝুঁকি বা ত্রুটি আমরা চাই না।”
বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, মশা নিয়ন্ত্রণের পাশাপাশি বাড়িঘর পরিচ্ছন্ন রাখা জরুরি। তিনি ভাড়াটিয়াদের উদ্দেশে বলেন, “বাড়ি মালিকদের ওপর চাপ সৃষ্টি করুন, যাতে তারা বাড়ি পরিষ্কার রাখেন।” এছাড়া, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ঢাকার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু কর্নার স্থাপন করা হবে। ডিএনসিসি এ বিষয়ে সব ধরনের সহায়তা দেবে বলেও জানান তিনি।
বৈঠকে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক ডা. শাহ আলী আকবর আশরাফী, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. ফরহাদ হোসেন এবং পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান উপস্থিত ছিলেন।
ডিএনসিসি প্রশাসক জোর দিয়ে বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। নাগরিকদের সচেতনতা এবং কঠোর পদক্ষেপের মাধ্যমে আমরা এই সংকট মোকাবিলা করব।”











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































