সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় রায় জালিয়াতির অভিযোগে, সুপ্রিম কোর্টের আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়ার বিরুদ্ধে রেজিস্টার জেনারেলকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী ২৩শে নভেম্বরের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৬শে নভেম্বর। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। শুনানিকালে অভিযুক্ত আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া আদালতে উপস্থিত ছিলেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। অন্যদিকে ছিদ্দিক উল্লাহ মিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকনসহ জ্যেষ্ঠ আইনজীবীরা। শুনানি শেষে আপিল বিভাগ সংশ্লিষ্ট কোর্টের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মোট ১৮টি মামলার রায়ই খতিয়ে দেখে তদন্ত করার নির্দেশ দেন।
এর আগে, গত বৃহস্পতিবার এক আদেশে আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়াকে ঢাকা না ছাড়ার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের একটি রিট মামলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল বাতিল করে নতুন মেধাতালিকা তৈরির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে অভিযোগ উঠেছে, ওই মামলার মূল আবেদনকারীদের বাদ দিয়ে নতুন সহ-আবেদনকারী যুক্ত করে পরবর্তীতে তাদের পক্ষে আদেশ নেয়া হয়েছিল।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































