১৫ এপ্রিল ২০২৫, বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের ওপর নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে। এ দুই মন্ত্রণালয়ের পাশাপাশি তিনি এখন থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েরও উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
প্রসঙ্গত, গত বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেদিন প্রধান উপদেষ্টাসহ ১৭ জন শপথ নেন। এরপর ১৬ আগস্ট চারজন এবং ১০ নভেম্বর নতুন তিনজন উপদেষ্টা শপথ নেন। এই তিনজনের মধ্যে ছিলেন শেখ বশিরউদ্দীন। শপথের পর তিনি বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এবার নতুন করে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বও পেলেন।











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































