হেফাজতে ইসলাম বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণসহ ১২ দফা দাবি জানিয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক মহাসমাবেশে সংগঠনটির নায়েবে আমীর মাওলানা মাহফুজুল হক এই দাবিসমূহ ঘোষণা করেন।
ঘোষণাপত্রে প্রথম দফায় নারী সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল এবং আলেম ও নারী প্রতিনিধি নিয়ে নতুন কমিশন গঠনের দাবি উত্থাপিত হয়। এছাড়া মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য মানবিক করিডর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানানো হয়।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে—সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস স্থাপন ও বহুত্ববাদ বাদ দেওয়া, শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচারে ট্রাইব্যুনালের গতি আনা, চট্টগ্রামে সাইফুল হত্যার বিচার, শেখ হাসিনার আমলে দায়েরকৃত রাজনৈতিক মামলা প্রত্যাহার, গুম-খুনের বিচার, গাজায় হামলা নিয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান, প্রাইমারি থেকে সর্বোচ্চ পর্যায়ে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা, পার্বত্য অঞ্চলে ভিনদেশিদের কার্যক্রম বন্ধ এবং কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা।
মহাসমাবেশ সকাল ৯টায় শুরু হয়, যার উদ্বোধন করেন শাপলা চত্বরের শহীদ ইউনূস মোল্লার পিতা মো. নাজিম উদ্দিন। সারা দেশ থেকে হেফাজতের নেতাকর্মীরা এতে অংশ নেন। সকাল থেকে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন।সমাবেশে সভাপতিত্ব করছেন হেফাজতের আমির মাওলানা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































