তৌহিদ_আফ্রিদি-৫_দিনের-রিমান্ড -newsedge24

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করলেও আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল থেকে সিআইডির একটি দল তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসে। এর আগে, ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তার বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন (১৮ আগস্ট) তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয় এবং রিমান্ড শেষে ২৩ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ীর পাকা রাস্তায় মো. আসাদুল হক বাবু অংশ নেন। ওই দিন দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোঁড়া গুলিতে তিনি বুকে ও ডান পাশে আঘাতপ্রাপ্ত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়, যার মধ্যে নাসির উদ্দিন ২২ নম্বর এবং তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি হিসেবে উল্লেখ রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *