খলিলুর রহমান-newsedge24

ফিলিস্তিনের ওপর বাংলাদেশের সমর্থন দ্ব্যর্থহীন এবং চিরকালীন। ১৯৬৭ সালের সীমান্ত অনুসারে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে বাংলাদেশের অবস্থান অটল থাকবে। এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

গতকাল শুক্রবার দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি সম্মেলন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এ অবস্থান স্পষ্ট করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্যালেস্টাইনের ওপর বাংলাদেশের যে সমর্থন, সেটা দ্ব্যর্থহীন। আমরা সম্পূর্ণভাবে ফিলিস্তিনের পক্ষে। আমরা চাই যে ১৯৬৭ সালের আগের যে বর্ডার, সেই বর্ডার অনুযায়ী এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হোক—এটাই আমাদের পজিশন। ফিলিস্তিনিদের রাষ্ট্রের অধিকারের ব্যাপারে বাংলাদেশের জন্মলগ্ন থেকে যে অবস্থান, সেই দৃঢ় অবস্থান থাকবে।”

তিনি আরও বলেন, “আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ বিষয়ে বিশেষ ও ব্যাপক উদ্যোগ নিয়েছিলেন। সেটা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। ফিলিস্তিন প্রশ্নে আমাদের অবস্থান দ্ব্যর্থহীন এবং কোনো অবস্থাতেই পরিবর্তন হবে না।”

ওআইসি সম্মেলন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে ওআইসিভুক্ত বিভিন্ন দেশ সমর্থন দেবে। সম্মেলনে মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও সৌদি আরবের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক হয়েছে। দেশগুলোর প্রতিনিধিরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে বিজয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন এবং তার নেতৃত্বে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির আশা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: ঢাকা থেকে মধ্যপ্রাচ্য রুটে ফ্লাইট স্থগিত

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত অস্থিরতা নিয়ে তিনি বলেন, বাংলাদেশ আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দেয়। বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’—এই আদর্শে অটল থেকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈদেশিক সফর নিয়ে এক প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, এখনও কোনো দেশ চূড়ান্ত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *