সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঢাকার একটি ফ্ল্যাট, তিনটি অ্যাপার্টমেন্ট ও তিনটি গাড়ি জব্দ এবং ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। রোববার (২০ এপ্রিল ২০২৫) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
জব্দকৃত ফ্ল্যাটটি রাজধানীর পরীবাগের প্রিয় প্রাঙ্গণে এবং তিনটি অ্যাপার্টমেন্ট বনানীর পিপি টাওয়ারে অবস্থিত। এসব সম্পত্তির মূল্য ধরা হয়েছে ৮৫ লাখ ৫ হাজার ৯৪৭ টাকা। এছাড়া, তিনটি গাড়ির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৪৭ লাখ ১১ হাজার ৫২৯ টাকা। দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, নসরুল হামিদের ৭০টি ব্যাংক হিসাবে মোট ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৭৪৭ টাকা রয়েছে।
দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এসব সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন করেন। দুদকের আবেদনে বলা হয়, নসরুল হামিদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ ও হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি ২০২৫-এ একই আদালত নসরুল হামিদ ও তার স্ত্রী সীমা হামিদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ২০টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছিলেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































