ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের ভাইয়ের ওপর হামলা-গাড়ি ভাঙচুর-newsedge24

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজ মাঠে সম্মেলনে ভোট গ্রহণ দুপুর আড়াইটায় শুরু হয় এবং বিকাল ৫টায় শেষ হয়। ফলাফল ঘোষণার সময় সভাপতি পদে মাত্র দুই ভোটের ব্যবধানে উত্তেজনা সৃষ্টি হয়। এতে জেলা থেকে আগত বিএনপি নেতাকর্মীরা প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকেন। ফলাফল ঘোষণায় বিলম্ব হওয়ায় উত্তেজনা নিয়ন্ত্রণে ঠাকুরগাঁও থেকে রাত ৮টায় সমিরউদ্দীন স্মৃতি কলেজে আসেন মির্জা ফয়সল আমিন। ফলাফল ঘোষণার পর তিনি কলেজের তৃতীয় তলা থেকে নামার সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা তার ওপর চেয়ার ছুড়ে মারেন এবং তার গাড়ির সামনের ও পেছনের কাচ ভাঙচুর করেন। এ সময় বিএনপি কর্মী উজ্জ্বল আহত হন এবং তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার জানান, ফলাফল ঘোষণার সময় ভোট গণনার দায়িত্বে থাকা নেতারা সাহস পাচ্ছিলেন না, যার ফলে উত্তেজনা তৈরি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, “হঠাৎ এই ঘটনা ঘটেছে। আমরা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।”

জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা রাশেদ আলী জানান, “কোনোমতে মির্জা ফয়সল আমিনকে রক্ষা করে অন্য গাড়িতে পাঠানো হয়েছে। রাতে আলো কম থাকার কারণে হামলাকারীদের চিনতে পারিনি।”

আরও পড়ুন: দেশকে যত দ্রুত নির্বাচনের পথে আনা যাবে, ততই মঙ্গল: মির্জা ফখরুল

সম্মেলনে অ্যাডভোকেট সৈয়দ আলমকে সভাপতি, ড. টিএম মাহবুবর রহমানকে সাধারণ সম্পাদক এবং অয়ন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *