পরিচয় মিললো মৌচাকে উদ্ধার হওয়া -newsedge24

রাজধানীর মৌচাকের ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে রাখা একটি প্রাইভেট কার থেকে গত সোমবার দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের মোহাম্মদ মিজান এবং খিলপাড়া ইউনিয়নের জাকির হোসেন। জাকির গাড়িটির চালক এবং মিজান তার বন্ধু ছিলেন। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।

গাড়ির মালিক জোবায়ের আল মাহমুদ জানান, নিহতরা হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুকে নিতে নোয়াখালীর চাটখিল থেকে ঢাকায় এসেছিলেন। শনিবার রাতে জোবায়ের তার স্ত্রীর বড় ভাইকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে ঢাকায় আসেন। এ সময় জাকির ও মিজান তার সঙ্গে ছিলেন। বিমানবন্দরে পৌঁছে দেওয়ার পর রবিবার ভোরে তারা মালিবাগে পৌঁছান। এরপর জোবায়ের নোয়াখালীর উদ্দেশে বাসে রওনা হন। তিনি বলেন, “জাকির জানিয়েছিল, বেলা ১১টায় রোগীকে ছাড়পত্র দেওয়া হবে, ততক্ষণ তারা গাড়িতে ঘুমাবে।”

জোবায়ের আরও জানান, তিনি জাকিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। জিপিএস ট্র্যাকিংয়ে গাড়িটি হাসপাতালের পার্কিংয়ে দেখা গেলেও জাকির বা মিজানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সোমবার বেলা ২টায় রমনা থানা থেকে পুলিশ ফোন করে গাড়িতে দুজনের লাশ পাওয়ার কথা জানায়। এরপর জোবায়ের নিহতদের পরিবার নিয়ে ঢাকায় আসেন।

আরও পড়ুন: ঢাকার হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকার থেকে দুটি মরদেহ উদ্ধার

পুলিশ লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। আজ মঙ্গলবার বেলা ১১টায় উদ্ধার হওয়া লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

জানা গেছে, মিজান অবিবাহিত ছিলেন এবং ড্রেজার চালানো ও মাছ চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। তিনি তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন। জাকির গত তিন মাস ধরে জোবায়েরের গাড়ি চালাচ্ছিলেন।

পুলিশ মৃত্যুর কারণ তদন্ত করছে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *